, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত বেশ কয়েকজন


প্রকাশের সময় :4 October, 2026 9:53 : PM

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় আক্তার হোসেন সরদারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে একদল সন্ত্রাসী রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে মাঠে মহড়া দেয় এবং প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আক্তার হোসেন সরদারসহ বেশ কয়েকজনকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রধারীদের মহড়ার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে অস্ত্র হাতে সন্ত্রাসীদের তাণ্ডব চালাতে দেখা যায়। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হামলায় আহত আক্তার হোসেন সরদার অভিযোগ করে বলেন, “আরশাদ মেম্বারের নেতৃত্বেই পরিকল্পিতভাবে আমাদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে।”
তবে এ অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আরশাদ মুঠোফোনে জানান, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি কোনো হামলার সঙ্গে জড়িত নই; বরং পরিস্থিতি শান্ত করতে এবং বিরোধ থামাতে সেখানে গিয়েছিলাম।”
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, “ঘটনা জানার সাথে সাথেই ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”


আরও খবর