সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর (অব.) মোঃ ইউসুফ খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
রোববার (৪ অক্টোবর) ভোর ৩টার দিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন।
মেজর (অব.) মোঃ ইউসুফ খান বাংলাদেশ সেনাবাহিনীর ২১তম লং কোর্সের কর্মকর্তা ছিলেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অ্যাডজুটেন্ট ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ইউসুফ খান পাকিস্তানে যান। রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই ইঞ্জিনিয়ার ইয়াকুব খান জানান, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ইউসুফ খান পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মেজর (অব.) ইউসুফ খানের বাবা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ খান চিত্রকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এদিকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার। মরদেহ দেশে পৌছানোর পর জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
তার মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, ক্যাডেট কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ক্যাপশন – পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মারা গেলেন সিরাজদীখানের মেজর (অব.) ইউসুফ খান