সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস ইনস্টল করা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে উপজেলার নিমতলা মোড় এলাকায় জনৈক হিমেলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সিরাজদিখান উপজেলার রামের খোলা এলাকার মোঃ কামরুলের ছেলে মোঃ অনিক হাসান (২৫) এবং একই এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ সেজান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার জিডি নং-৭৯৬, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্রে রাত্রীকালীন কিলো-৬ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিমতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে হাতেনাতে আটক করে।
পুলিশের দাবি, এ সময় অনিক হাসানের কাছ থেকে একটি সবুজ রঙের Motorola Edge 50 এবং সেজানের কাছ থেকে একটি নীল রঙের Samsung Galaxy A21s মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল দুটি পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়।
জব্দ করা মোবাইল ফোনে CD44, CK44, CV666, F999.COM ও TK11 এবং অপর মোবাইলে F999.COM ও CK44 নামের অ্যাপস পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে দুই আসামিকে মোবাইল ফোনে উল্লিখিত অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলতে দেখা যায়। পরে রাত ১টা ৫ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শাহ আলী বাদী হয়ে সিরাজদিখান থানায় এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, আসামিরা অ্যান্ড্রয়েড মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলেছেন এবং জুয়া খেলার অ্যাপস সংরক্ষণ করেছেন। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭ ও ১৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মূলপাতা আইন অপরাধ
সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
প্রকাশের সময় :17 September, 2026 2:10 : PM