সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উত্তর তাজপুর গ্রামের বাবুল শেখের ছেলে চঞ্চল শেখ (৩৪) এবং মৃত রাজ্জাক শেখের ছেলে আফসার শেখ (২৭)।
পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ওপর থেকে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন,এলাকার আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।