, |

মূলপাতা রাজনীতি

চিকিৎসাজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য সেল সম্পাদকের পদত্যাগ


প্রকাশের সময় :5 February, 2026 10:56 : PM

আনিছুর রহমান রুবেলঃ চিকিৎসাজনিত কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাহিত্য সেলের সম্পাদক ইব্রাহীম নিরব পদত্যাগ করেছেন। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি তার শারীরিক অসুস্থতা ও বর্তমান বাস্তবতার কথা তুলে ধরে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগপত্রে ইব্রাহীম নিরব উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে গুম ও বিনা চিকিৎসায় দীর্ঘসময় কারাবন্দী থাকার কারণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কারামুক্তির পর থেকে এখনো তাকে নিয়মিত চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং চিকিৎসকের নির্দেশনায় তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও শহীদ ও আহত সহযোদ্ধাদের প্রতি দায়বদ্ধতা থেকে জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক দায়িত্ব এড়িয়ে না গিয়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন। তবে বর্তমান শারীরিক বাস্তবতায় নিয়মিত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়।

পদত্যাগপত্রে সংগঠনের অভ্যন্তরীণ কিছু বাস্তবতার প্রতিও ইঙ্গিত করেন তিনি। সেখানে তিনি অভিযোগ করেন, সংগঠনের নিয়মিত ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে এবং তার সাংগঠনিক ভূমিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমিত করার অপচেষ্টা চালানো হয়েছে, যা কার্যকর ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সংগঠনের শৃঙ্খলা ও কার্যকারিতা বজায় রাখার স্বার্থে স্বেচ্ছায় সাহিত্য সেল সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইব্রাহীম নিরব। তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান। পদত্যাগের পরও সংগঠনের আদর্শ, সংগ্রাম ও ইতিহাসের প্রতি তার দায়বদ্ধতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ক্রান্তিলগ্নে তিনি নৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশে থাকবেন।


আরও খবর