আনিছুর রহমান রুবেলঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর সিরাজদিখান থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ প্রশাসন বিশেষ মহড়া পরিচালনা করছে।
গতকাল (১১/১২/২৫) মঙ্গলবার সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আনোয়ার পারভেজের নেতৃত্বে থানা এলাকায় এই পুলিশী মহড়া পরিচালিত হয়। এতে অংশ নেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল হান্নান,ওসি তদন্ত হাবিবুর রহমান এবং থানার বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
মহড়ার অংশ হিসেবে থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, বাজার ও জনবহুল পয়েন্টগুলোতে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়।
নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান দায়িত্বশীলরা।
সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ বলেন, “নির্বাচনকে সামনে রেখে জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল ও মহড়া অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ আরও নিশ্চিন্তে চলাচল করতে পারবে।
নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় নিরাপত্তা জোরদার ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও তৎপর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।