সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে খালে গোসল করতে নেমে মোছা. লাভলী আক্তার (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার মালখানাগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর শাখা তালতলা-ডহুরি খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ লাভলী আক্তার ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ বাবু। জানা গেছে, তিনি আরও দুই বান্ধবীর সঙ্গে ফেগুনাসার গ্রামে জনৈক তপন ভুঁইয়ার বাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে তিন বান্ধবী মিলে গ্রামের পাশের তালতলা-ডহুরি খালে গোসল করতে নামেন। লাভলী আক্তার সাঁতার কাটতে জানতেন না। খালে তীব্র স্রোত থাকায় অসাবধানতাবশত তিনি পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে ঢাকাসহ সংশ্লিষ্ট ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
রোববার বিকেল পর্যন্ত নিখোঁজ লাভলী আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।