আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তরুণ ছাত্রনেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ভি এম রাব্বিকে জাতীয় ছাত্র শক্তি সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তার এই অর্জনে সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় তরুণদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি প্রথম সারির নেতৃবৃন্দের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সাহসিকতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে তিনি সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজের আস্থা অর্জন করেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে তিনি মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও ছাত্র অধিকার আদায়ের আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের কারণে জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করেছেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পেয়ে ভি এম রাব্বি বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং একটি সুন্দর, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল মনে করছেন, তরুণদের নেতৃত্বে ভিএম রাব্বির এই নতুন দায়িত্ব সিরাজদিখানের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।