সিরাজদিখান প্রতিনিধি:
রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক যাত্রার ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধা ও তরুণ নেতা বিএম রাব্বি হুসাইন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বিএম রাব্বি হুসাইন মুন্সিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র এবং কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা তরুণ সমাজে আলোচিত হয়।
যোগদানের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি দায়িত্বশীল, গণমুখী ও আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজন। আমি বিশ্বাস করি, এনসিপি সেই রাজনীতির চর্চা করতে সক্ষম। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং সুশাসন নিশ্চিত করতে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার জন্য নয়। তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে চাই।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও আন্দোলন-ভিত্তিক নেতৃত্বের এ ধরনের অংশগ্রহণ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শিক্ষিত ও সচেতন তরুণদের সক্রিয় সম্পৃক্ততা ভবিষ্যতের রাজনৈতিক ধারাকে প্রভাবিত করতে পারে বলে তারা মনে করছেন।
বিএম রাব্বি হুসাইনের এই ঘোষণার মাধ্যমে সিরাজদিখানসহ মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।