আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের ২৮টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসা ও সম্মানে সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
গতকাল (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শেখরনগর গার্লস স্কুল মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৮টি ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। জাতীয় সংগীত পরিবেশন, পায়রা উড়িয়ে, শঙ্খধ্বনি ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেওয়া হয় এবং পরে তাঁকে উত্তরীয় পরিয়ে ও ফুলেল সংবর্ধনার মাধ্যমে শুভেচ্ছা জানান আয়োজকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “মুন্সিগঞ্জ-১ আসনের সকল ধর্মের মানুষ আমার আপন। আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।তবে আপনারা আমাকে যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ,সনাতন সম্প্রদায়ের এই ভালোবাসা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
তিনি আরও বলেন, সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধরে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত এমপির প্রতি আস্থা প্রকাশ করে বলেন,সনাতন ধর্মাবলম্বীরা কাউকে কথা দিলে সেই কথা রাখে তার প্রমাণ ইতি মধ্যে আপনি পেয়েছেন, এসময় বক্তারা আরও বলেন, তিনি অতীতের ন্যায় সকল সম্প্রদায়ের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেবেন বলে আমার বিশ্বাস করি।
সমাপনী পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, শান্তিপূর্ণ ও আন্তরিকতায় ভরপুর।