সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে পুলিশ ফোর্সের উপস্থিতিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেল এএসপি মোঃ আনোয়ার পারভেজ, এছাড়াও থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের সহকারীগণ।
অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেক্যু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয়। পাশাপাশি মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের অস্থায়ী ছাউনি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ওসিরাজদিখান থানা পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।