ক্রাইম রিপোর্টারঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাই হওয়া একটি পিকআপ ভ্যানসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) ভোর ৪ টার সময় অভিযান পরিচালনা করে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম রবিনকে আটক করে পুলিশ এবং রাতেই তার হেফাজত থেকে ছিনতাই হওয়া নেভি ব্লু রঙের একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার শ্যামবাজার থেকে আদা ও রসুন বোঝাই নেভি ব্লু রঙের পিকআপ ভ্যানটি শ্রীনগর চকবাজারে পৌঁছে মালামাল নামানো শেষ করে। রাত ১২টার দিকে পিকআপটি ঢাকার দিকে রওনা দিলে মাহিদুল ইসলাম রবিনের নেতৃত্বে একটি মোটরসাইকেল পিকআপটির সামনে এসে ব্যারিকেড সৃষ্টি করে।
এ সময় পিকআপ চালক আহসান হাবীব আরিফ (২০) ও তার সহকারী আলআমিন (১৫)-কে মারধর করে ভয়ভীতি দেখানো হয়। পরে দুর্বৃত্তরা পিকআপটি জমজম টাওয়ারের পেছনে নিয়ে গিয়ে ব্যাটারি খুলে ফেলে এবং চাবি কেড়ে নেয়। এছাড়া চালক আরিফের কাছ থেকে নগদ ৭ হাজার ২০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর পিকআপের মালিক মানিক মিয়াকে ফোন করে ঢাকা থেকে শ্রীনগরে আসতে বলা হয়। রাত আনুমানিক ৩টার দিকে তিনি শ্রীনগর এসে থানায় বিষয়টি অবহিত করেন।
পরে রাত ৪টার দিকে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাহিদুল ইসলাম রবিনকে আটক করে এবং ছিনতাই হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় পিকআপ ভ্যানের মালিক মানিক মিয়া বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।