আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন মৌজায় আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে সরকারি রেকর্ডভুক্ত খালের জায়গায় অবৈধভাবে বর্ধিতকৃত স্থাপনা অপসারণ করা হয়। এ অভিযানে সরকারি মালিকানাধীন আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যমানের প্রায় ২ শতক জমি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কামাল হোসেন, সার্ভেয়ার মো. লিয়ার হোসেন এবং রসুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি বলেন, জনস্বার্থে সরকারি সম্পত্তি রক্ষা, খাল ও জলাশয় দখলমুক্ত রাখা এবং অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।