আনিছুর রহমান রুবেলঃ সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে শহীদ জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টটি কোলা ইউনিয়ন বিএনপি এবং টুর্ণামেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আবিরপাড়া একাদশ এবং নওপাড়া আবাবীল সমবায় সমিতি। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে চলে যায়, যেখানে আবিরপাড়া একাদশ ১-২ গোলে নওপাড়া আবাবীল সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং টুর্ণামেন্ট কমিটির সভাপতি ফারুক উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক (মনু কাজী), ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াছিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং ফ্রান্স প্রবাসী মো. ওমর ফারুক শিপন।
কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহাসিন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ্ ও অন্যান্য অতিথিবৃন্দ।
