মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ছত্রদল নেত্রী অনন্যা রহমান অরপার নেতৃত্বে ইছাপুরা-মুন্সীগঞ্জ সড়কে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশনেয় শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।
এ সময় বক্তব্য দেন, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, সদস্য সচিব মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক নয়ন শেখ, ছত্রদল নেত্রী কনিকা, ছত্রদল নেতা সোহাগ শিকদার, সৃজান আহমেদ, পারভেজ আহমেদসহ অন্যান্যরা।