নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের ‘গাঁজা সেবন ও মাদক ব্যবসা করে সংসার চালান’ এমন মন্তব্যকে কেন্দ্র করে ময়মনসিংহ (উত্তর) জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভিন আহমেদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। মানববন্ধনে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কারাবন্দি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিচার চেয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করেন তানভীর আহমেদসহ ১৫/২০ জন।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় ময়মনসিংহ (উওর) জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভিন আহমেদ গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমিনকে উদ্দেশ করে বলেন, সাংবাদিকরা ‘গাঁজা সেবন করে ও মাদক ব্যবসা করে সংসার চালায়’ বলে মন্তব্য করেন।
এ ছাড়া গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাজাহান কবীর হীরাও মাদক ব্যবসা করে।
তানভিন আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা। একপর্যায়ে তাঁকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে সাংবাদিকদের নিয়ে ঢালাওভাবে এমন মন্তব্যের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা উচিত। কিন্তু প্রমাণ ছাড়া সাংবাদিকদের মাদকসেবী বা মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা পেশাগত মর্যাদা ও গণমাধ্যমকর্মীদের সামাজিক সম্মানকে ক্ষুণ্ন করে।
সাংবাদিক নেতারা তানভিন আহমেদের বক্তব্য প্রত্যাহার এবং সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির বলেন, ‘সাংবাদিকদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তানভিন আহমেদ তাঁর বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে তানভিন আহমেদের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। এ সময় তিনি গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমানকে তাঁর ‘কাছের মানুষ’ দাবি করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার কথাও বলেন।