আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি নাম ভাঙনকবলিত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন।
এ সময় নদীভাঙনে বসতঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ। এসময় ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি ।
পরিদর্শনকালে নদীভাঙনের ভয়াবহতা পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে ভিডিও কলের মাধ্যমে অবহিত করেন সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ।
এ সময় ভাঙনকবলিত এলাকার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির চিত্র মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রী জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীর তীব্র স্রোতে বড়বর্তা এলাকায় ভাঙন দেখা দেওয়ায় কয়েকটি পরিবার ইতোমধ্যে ক্ষতির মুখে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে আশপাশের আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।