সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে কিশোর শীল (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালীপূজার মেলায় যাওয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত কিশোর শীল বরগুনা জেলার পাড়াকাটা এলাকার রিপন শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর শীল মধ্যপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন। তিনি মালপদিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্ত্রী পায়েল ও শ্বশুর সুমন শীলের সঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন সকালে শেখরনগরের ঐতিহ্যবাহী কালীপূজার মেলায় যাওয়া নিয়ে স্ত্রী পায়েলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।