সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন করে পরিবহণকালে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—লাল মিয়া (৩৫) ও মোশাররফ (২০)। ভ্রাম্যমাণ আদালত তাদের ভূমি অপরাধ প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ০১টি ভেক্যু, ০১টি মাহেন্দ্র এবং ০৫টি ট্রাক অচল করে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি বলেন, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অননুমোদিত মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।