আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
সোমবার সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে সহকর্মীরা প্রিয় সতীর্থের মরদেহ কাঁধে করে তার দীর্ঘদিনের কর্মস্থল মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে যান।
প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি হিসেবে তার নিথর দেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সহযোদ্ধাকে হারিয়ে এ সময় সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
তার মৃত্যুতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শহরের আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার বাহের পাড়া এলাকায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক ও পারিবারিক কবরস্থানে তাকে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।
মীর বাছির উদ্দিন জুয়েল দুই দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সক্রিয় ভূমিকা রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আড়াই বছরের এক শিশুপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে মুন্সিগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।