আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। তিনি মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার অর্জন ধরে রাখতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের এই আয়োজনে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে দেশপ্রেম ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।