ক্রাইম রিপোর্টার
পরিবেশ দপ্তরের দুর্নীতি ও নদী–খাল দখলকারীদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন গ্রীন বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইব্রাহীম নিরব।
৬ ডিসেম্বর বনভবনের ‘হৈমন্তী’ মিলনায়তনে অনুষ্ঠিত পরিবেশ কর্মীদের মতবিনিময় সভায় ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে “বিকৃত, অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করেছেন তিনি।
ইব্রাহীম নিরব জানান, সভায় তিনি চার দফা দাবি উপস্থাপনের জন্য বারবার বক্তব্যের সুযোগ চাইলে তাকে প্রায় ৩৫ মিনিট ঘুরিয়ে রাখা হয় এবং ইচ্ছাকৃতভাবে ফ্লোর না দেওয়ার চেষ্টা চলে। শেষপর্যন্ত মাইক পাওয়ার পর পরিচয় দিতে শুরু করতেই হঠাৎ মাইক বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় উত্তেজনার যে কয়েক সেকেন্ডের দৃশ্য প্রকাশ হয়েছে—তা সম্পূর্ণ কাটছাঁট করা ভিডিও বলে দাবি তার।
তিনি বলেন, প্রচারিত ভিডিওর আগে-পরে গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে, যেখানে আয়োজকদের কয়েকজন তার কাছে দুঃখ প্রকাশ করেন এবং তাকে বসে থাকার অনুরোধ করেন। তাকে ঘাড়ধাক্কা দিয়ে নামানো বা সভা থেকে বের করে দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলেও জানান তিনি।
ইব্রাহীম নিরব অভিযোগ করেন, কোনো মিডিয়া তার সঙ্গে যোগাযোগ না করেই একপাক্ষিক তথ্য প্রকাশ করেছে, যা সাংবাদিকতার নীতি বিরোধী। তিনি বলেন, “পরিবেশ ধ্বংস, দুর্নীতি এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়। জনগণই ঠিক করবে কার ক্ষোভ ন্যায্য।”