যুক্তরাষ্ট্রের দুই রাজ্যের আবাসিক এলাকায় পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহর ও জর্জিয়ার ডগলাস শহরে এসব ঘটনা ঘটে। পেনসিলভানিয়ার ইরি শহরের একটি বাড়িতে শুক্রবার ৪৫ বছর বয়সী এক বন্দুকধারী হামলা চালান। এতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ আটজন নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত বন্দুকধারী নিজেকে গুলি করে হত্যা করেন।ইরি শহরের পুলিশ প্রধান রিক লোরা জানান, নিহত আটজন একই পরিবারের সদস্য। এ ছাড়া ওই পরিবারের এক বন্ধু এ ঘটনায় নিহত হন। বন্দুকধারী বাড়িতে হামলা চালানোর পর বাইরে এসে আরও দুই নারীকে গুলি করেন। ওই দুই নারী বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের সহায়তা চাইতে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, বাড়িটির দ্বিতীয় তলা থেকে অভিযুক্ত বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।অন্যদিকে, জর্জিয়ার ডগলাস শহরের একটি আবাসিক ভবনে শুক্রবার রাতে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।