বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। রোববার (১১ অক্টোবর) ঢাকায় ফেরেন তিনি। সকালে জাতীয় সংসদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গত ৫ অক্টোবর আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
একই দিনে আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে স্পিকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের ভূমিকা আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, এ, ই, সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, এস কে আজিজুল বারী এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, সানসিলা জেবরিন এমপি এবং রোকেয়া বেগম এমপি।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।