আনিছুর রহমান রুবেল: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুম্পা ঘোষ প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার হাতে ৫ হাজার টাকা করে চিকিৎসা ভাতা তুলে দেন। এ সময় মোট ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে এ ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু , সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুম্পা ঘোষ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাঁদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে চিকিৎসা ভাতা প্রদান করা হচ্ছে, যা তাঁদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।