আনিছুর রহমান রুবেলঃ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে,মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামসেদ ফরিদী,সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন , অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান প্রমূখ।
এছাড়াও শিশু কনসালটেন্ট, চক্ষু কনসালটেন্ট, এমওডিসি, আবাসিক মেডিকেল অফিসার, অন্যান্য চিকিৎসকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল বয়সী মানুষের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব, যা একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, দৈনন্দিন খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম ও দুধসহ পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি অতিরিক্ত তেল, চিনি ও লবণ পরিহার এবং নিরাপদ খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে,এর মধ্যে রয়েছে সচেতনতামূলক সভা, স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং পুষ্টি বিষয়ক প্রচারণা কার্যক্রম।
অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সবাই পুষ্টি বিষয়ে সচেতন হয়ে নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।