আনিছুর রহমান রুবেলঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাবিরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১০ জানুয়ারি) শনিবার বিকাল সাড়ে ৪ টায় সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নিমতলা এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ভূঁইয়া এবং সদস্য সচিব শেখ রাসেল।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন জয়, লতব্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল সহ উপজেলার ১৪ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মোসাবির ছিলেন দলের একজন ত্যাগী ও সাহসী নেতা। তার নির্মম হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও জেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।