সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের বাসিন্দা শাহজালাল শেখ (পান কবিরাজি) মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেই তিনি খুঁজে পান মানসিক শান্তি।
নিজের উপার্জিত অর্থ থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে ব্যয় করে আসছেন শাহজালাল শেখ। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষ ও গ্রাম উন্নয়নমূলক কাজে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত।
সর্বশেষ তিনি ১৮ই জুলাই বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত অর্থায়নে ধামালিয়া গ্রামে একটি কাঠের সেতু (কাঠেরপুল) নির্মাণ করেছেন। এই সেতু দিয়ে প্রতিদিন হাজারো সাধারণ মানুষ কবরস্থান ও খেলার মাঠে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে চলাচলের অসুবিধায় ভোগা এলাকাবাসী তার এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে শাহজালাল শেখ বলেন, “মানুষের উপকার করতে পারলেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সমাজের জন্য কিছু করতে পারলেই আমি শান্তি পাই।”
এলাকাবাসীর মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের উন্নয়নে এমন নিঃস্বার্থ মানুষ আজ খুবই বিরল। তারা আশা প্রকাশ করেন, শাহজালাল শেখের মতো মানবিক মানুষ সমাজে আরও এগিয়ে আসবেন এবং মানবতার সেবায় অবদান রাখবেন।