বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

সিরাজদীখানের সপ্তর্ষি মন্ডল জেলায় সর্বোচ্চ নম্বর, পেয়েছেন ট্যালেন্টপুল বৃত্তি


প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২৫ ৩:৩০ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষি মন্ডল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের আমেজ।
এছাড়া শুলপুর উচ্চ বিদ্যালয়ের আরও ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে দশম শ্রেণি থেকে ১ জন, নবম শ্রেণি থেকে ২ জন এবং অষ্টম শ্রেণি থেকে ২ জন বৃত্তি পেয়েছে। অষ্টম শ্রেণিতে সপ্তর্ষি মন্ডল আভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পুরো মুন্সীগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে।
গত রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ বছরের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর মোট ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে—যার মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১৪০ জন
উপজেলার কেয়াইন ইউনিয়নের এই মেধাবী শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার পাশাপাশি কুইজ, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সমান দক্ষতা দেখিয়ে আসছেন। তার বাবা শংকর মন্ডল শুলপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং মা রীতা রানী সরকার শুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পরিবারের পরিবেশ ও অনুপ্রেরণাই তার সাফল্যের বড় ভিত্তি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, “সপ্তর্ষি নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তার এই সাফল্য তার মেধা, শৃঙ্খলা ও পরিশ্রমেরই ফল।”
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মো. ওহাব শেখ বলেন, “সপ্তর্ষির সাফল্যে পুরো বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
কন্যার অর্জনে আপ্লুত বাবা শংকর মন্ডল বলেন, “আমি আশা করি আমার মেয়ে ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তার জন্য সকলের দোয়া কামনা করছি।”
সপ্তর্ষির এ অনন্য সাফল্য সিরাজদীখান উপজেলার শিক্ষাঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭