, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ,এলাকায় উত্তেজনা


প্রকাশের সময় :18 July, 2026 10:29 : PM

ক্রাইম রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর রাজনৈতিক অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁন্দের চর লেক্কু মার্কেটে অবস্থিত রাজনৈতিক অফিসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে অফিসের ভেতরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করে বলেন,জাতীয় নির্বাচনের পর থেকেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী বালুচর এলাকায় বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ কারণে রাজনৈতিক প্রতিহিংসা বা হিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে, প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ঘটনার সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে,তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরও খবর