আনিছুর রহমান রুবেল: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের সার্বিক পরিস্থিতি তদারকি করা হয়। এসময় মুদি, ফল ও মাংস ব্যবসায়ীসহ মোট ৬ জন ব্যবসায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দোষী সাব্যস্ত হন।
অভিযানে ৬টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অধিক মূল্যে পণ্য বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির কোনো সুযোগ দেওয়া হবে না। রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারবে।
