বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে সরকারি হাসপাতালের অনিয়ম রোধে এমপি শেখ মোঃ আব্দুল্লাহর আকস্মিক পরিদর্শন


প্রকাশের সময় :২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৩ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃমুন্সিগঞ্জ-০১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ হঠাৎ রোগীর বেশে হাজির হয়ে চমক সৃষ্টি করেছেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। সেবা প্রত্যাশীদের ভোগান্তি, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালাল চক্রের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি এ আকস্মিক পরিদর্শন করেন। হঠাৎ করে এমপিকে হাসপাতালে দেখে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন কর্তব্যরত চিকিৎসকরা। পরিদর্শনকালে সাধারণ রোগীরা সরাসরি সংসদ সদস্যের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল—নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সংকট এবং হাসপাতাল চত্বরে দালাল চক্রের বেপরোয়া দৌরাত্ম্য।

সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ রোগীদের সঙ্গে কথা বলে অভিযোগগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি হাসপাতালের হাজিরা বহি পরিদর্শন করেন এবং প্রতিটি ওয়ার্ড ও কেবিন ঘুরে দেখেন। রোগীদের শয্যার পাশে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা তা জানতে চান। হাসপাতালের পরিচালক ডাক্তার জামশেদ ফরিদী বিভিন্ন বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন। এসময় এমপি হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে গুরুত্বারোপ করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দেন, যাতে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে হাসপাতালে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে দুইজন আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হাসপাতাল প্রাঙ্গণে দালালদের প্রবেশ রোধে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আকস্মিক এ পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, হাসপাতালের পরিচালক ডাক্তার জামশেদ ফরিদীসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এমন সরেজমিন উদ্যোগের ফলে হাসপাতালের সেবার মান উন্নত হবে এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭