, |

মূলপাতা উপজেলার খবর

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫


প্রকাশের সময় :18 September, 2025 3:48 : PM
নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫ আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের গ্রুপে রয়েছে নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নায়েব আলী। তবে, স্থানীয়রা বলছে বিএনপির উভয় গ্রুপের সাথে আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছেন।নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে, আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায় নি। স্থানীয়রা বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয় এবং বিভাজন থেকে আজ বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের রুপ লাভ করে।
জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহবায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিতেও তারা পৃথকভাবে পালন করেন। বিরোধের ধারাবাহিকতায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের রুপ লাভ করে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায় এবং অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপির বহিষ্কৃত সদস্য সচিবে কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও পতিত আওয়ামী লীগের লোকজন দিয়ে হামলায়। তার হামলার প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে।
তবে, ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব কাইয়ুম মিয়াকে কল দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায় নি। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর