, |

মূলপাতা উপজেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু


প্রকাশের সময় :16 August, 2025 12:46 : PM

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আবাসিক মাদরাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  শুক্রবার দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।  মৃত দুই শিশু হলো একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো.তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।

মাদরাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একত্রে খাবার পর ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে একতলা পাকা মাদরাসা ভবনের আবাসিক হলকক্ষে একত্রে ১৩ ছাত্রী ঘুমিয়ে থাকার সময় হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ বোধ করে ও বমি করতে  থাকে। বিষয়টি টের পেয়ে মাদরাসায় অবস্থানরত একমাত্র শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও শিশুদের পরিবারে খবর দেন। রাত ৩টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যেই তানিয়াও মারা যায়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, শিশু দুজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আরও খবর