জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার প্রবল ঢেউয়ের মধ্যে ফেরিটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নৌযানটির অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। এর বাইরে টিকিটের আওতাবহির্ভূত কতজন শিশু ছিল, তা এখনও জানা যায়নি। জিম্বাবুয়ের জাতীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারীরা স্পিডবোট, হেলিকপ্টার ও বড় নৌযান ব্যবহার করছেন। স্থানীয় ডুবুরিরাও অভিযানে অংশ নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরিটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর প্রবল ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায়। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজও কিছুটা ব্যাহত হয়েছে। জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত কারিবা হ্রদ আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদগুলোর একটি।