, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা আন্তর্জাতিক

‘রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া’


প্রকাশের সময় :10 August, 2026 12:21 : PM

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া রাশিয়ায় নতুন করে অন্তত ৫০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া থেকে অন্তত ৫০ হাজার নতুন সেনা রাশিয়ায় পাঠানো হবে। এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি। নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানান জেলেনস্কি।

তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তাঁর দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া নিজেদের ভূখণ্ডেই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করেছে।

জেলেনস্কি আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে সহযোগিতা করলেও ইউক্রেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর দিকে এগোচ্ছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন উৎপাদন এবং অন্যান্য সামরিক খাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এর আগে ২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ তাকে সহযোগিতা করবে।

চুক্তি স্বাক্ষরের পর ২০২৪ সালেই প্রথমবারের মতো রাশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল উত্তর কোরিয়া বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে চলতি আগস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রুশ বাহিনীকে সহযোগিতা করতে উত্তর কোরিয়া সম্প্রতি নিয়মিত সেনাদের পাশাপাশি ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি উৎক্ষেপণযন্ত্রসহ একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ায় পাঠিয়েছে। ইউনিটটি রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।


আরও খবর