আনিছুর রহমান রুবেল: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলের লক্ষ্যে তল্লাশি করে প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছেন। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের রাজানগর সর্বসাধারণের উদ্যোগে তল্লাশি চালিয়ে এ চোলাই মদ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজানগর এলাকার সামাদের ছেলে গফুরের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব চোলাই মদ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, গফুরের বিরুদ্ধে এর আগেও মাদক-সংক্রান্ত অভিযোগে একাধিকবার কারাভোগের ঘটনা রয়েছে।
এ মাদক নির্মূল অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আবু তাহের জীবন, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রশিদ মেম্বার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির হোসেন, রাজানগর ইউনিয়ন যুবদল নেতা আওলাদ হোসেন, অপি হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, উপজেলার রাধানগর ইউনিয়ন থেকে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, কিন্তু তাৎক্ষণিক কোন আসামি পাওয়া যায়নি, আপাতত আলামত জব্দ করা হয়েছে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।