মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানালেন সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
গতকাল শনিবার বিকাল ৩টার দিকে শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশটির সভাপতিত্ব করেন আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ১ নং সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি প্রতিদিন গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ১ নং সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী,সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ শ্রীনগর উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক তাপস কুমার দাস সিরাজদীখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক তপন রাজবংশী
এছাড়াও সিরাজদীখান-শ্রীনগর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ প্রায় ১০ হাজারেরও বেশি সনাতন ধর্মাবলম্বী সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,
“ধানের শীষ ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আসুন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দেশের গণতন্ত্রকে মুক্ত করি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের হায়াত কমিয়ে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন।”
সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থনকে বিএনপির স্থানীয় নেতারা ঐক্য ও সম্প্রীতির বড় উদাহরণ বলে উল্লেখ করেন।