জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ জন সফরসঙ্গী থাকবেন। প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিই প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সফররত প্রতিনিধিদের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরও রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে, যাতে সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়।
প্রধানমন্ত্রী কতদিন নিউইয়র্কে থাকবেন- এমন প্রশ্নের জবাবে আসাদ আলম সিয়াম বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকু সময়ই সেখানে থাকবেন। সফরের সময়ের ব্যাপ্তির চেয়ে সময়ের যথাযথ ব্যবহারই গুরুত্বপূর্ণ।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরদিন ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।