মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিককে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান। রবিবার সকালে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
রিধিকার মৃত্যুর পর হাসিবুর ঘটনাস্থলে তাকে দেখতে এসেছিলেন। সেখান থেকেই তিনি গ্রেপ্তার হন। ওসি মাজহারুল বলেন, ‘আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’ পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার আগে প্রেমিক হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রিধিকা মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।