, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের জরুরি বার্তা


প্রকাশের সময় :18 June, 2026 11:18 : AM

বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কের স্থানীয় সময় গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সংকট প্রশমনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি জোর দেন।

শান্তি ও নিরাপত্তা রক্ষায় নারীদের অনন্য অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের ভূমিকা অপরিহার্য। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের পেশাদারিত্ব ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সব ক্ষেত্রে নারীদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি ক্রমবর্ধমান মানবিক অর্থায়নের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী, আজ ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের বিভিন্ন হাই-লেভেল প্যানেল ডিসকাশনে অংশ নিচ্ছেন। এ ছাড়া জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।


আরও খবর