আনিছুর রহমান রুবেলঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৮টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ, শরীরচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়, যা উপস্থিত সবার মধ্যে দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দেয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামসেদ ফরিদী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, এলজিইডি কর্মকর্তা আসিফ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দিবসব্যাপী এ আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিরাজদিখান পরিণত হয় এক মিলনমেলায়। মহান স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।